চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও রহস্যের চূড়ান্ত সমাধান না হওয়ায় দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন তার ভক্তরা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সালমান শাহর ভক্তরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্প্রতি মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। মানববন্ধন থেকে ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার দাবি জানান ভক্তরা। পাশাপাশি মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তদের হাতে সালমান শাহর ছবি এবং ন্যায়বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা প্রশ্ন তোলেন, এত বছর পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কেন এখনো বিচারের মুখোমুখি করা যায়নি।
ভক্তদের মতে, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতাই ছিলেন না, অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন। মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা অটুট রয়েছে।
তাদের প্রত্যাশা, নতুন করে শুরু হওয়া তদন্তে মামলাটি গতি পাবে এবং সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং সালমান শাহর পরিবার ও ভক্তরা ন্যায়বিচার পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









