ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি ব্যস্ত শপিং সেন্টারে শুক্রবার রাশিয়ার ড্রোন হামলায় ১৬ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘অত্যন্ত নিষ্ঠুর ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন।
জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগ এ হামলা চালায় রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা আরও বেড়েছে।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলে আরেকটি রুশ হামলায় তিন নাবালকসহ আরও চারজন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি।
ক্রিভি রিগে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আহতদের সাহায্য করতে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ছুটে যাচ্ছেন।
প্রথম ড্রোন হামলার প্রায় আধা ঘণ্টা পর দ্বিতীয় একটি ড্রোন ভবনটির ছাদে আঘাত হানে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, দ্বিতীয় হামলাটি উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চালানো হয়েছিল।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ প্রথমে জানিয়েছিল, হামলায় ১৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জন শিশুও রয়েছে।
পরে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা টেলিগ্রামে জানান, শত্রুর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাশিয়া একটি সাধারণ শপিং সেন্টারে অত্যন্ত নিষ্ঠুর ও জঘন্য হামলা চালিয়েছে।
যুদ্ধক্ষেত্র বা ফ্রন্টলাইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত শিল্পনগরী ক্রিভি রিগ যুদ্ধ শুরুর পর থেকে বারবার রাশিয়ার হামলার শিকার হয়েছে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









