পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ও দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, জমির বিএস রেকর্ডীয় মালিকদের চাচাতো ভাই আল আমীন ও জিহাদ ওই জমিতে দখল প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ নিয়ে জাহাঙ্গীর কবির, আলমগীর কবির ও আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির ঢাকায় বসবাস করেন এবং আনোয়ার হোসেন প্রবাসে থাকেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তারা এলাকায় না থাকার সুযোগে তাদের জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
জমির কেয়ারটেকার মো. জামাল হোসেন বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি ওই সম্পত্তি দেখাশোনা করছেন। তার দাবি, বিরোধপূর্ণ জমির দলিল ও বিএস রেকর্ড মালিকদের পরিবারের নামে রয়েছে। তিনি অভিযোগ করেন, আল আমীন ও জিহাদ জমিতে বাধা সৃষ্টি করে দখলের চেষ্টা করছেন। এমনকি তাদের একটি কাচারি ঘর দখল করে সেখানে মাদকের আসর বসানোর অভিযোগও করেন তিনি।
তবে মাদক ব্যবসা কিংবা কাচারি ঘর দখলসহ এসব অভিযোগ অস্বীকার করেছেন আল আমীন ও জিহাদ।
স্থানীয় কৃষক মো. জুয়েল বলেন, প্রায় ১৩ বছর ধরে তিনি জাহাঙ্গীর কবিরের কাছ থেকে জমি নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তাকে জমিতে চাষাবাদে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার ট্রাক্টর ভাঙচুরেরও অভিযোগ করেন এই কৃষক।
অন্যদিকে আল আমীন বলেন, মেসন্ডা গ্রামে তাদেরও পৈতৃক সম্পত্তি রয়েছে। তার দাবি, চাচাতো ভাই জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির নিজেদের ইচ্ছামতো ওই সম্পত্তি বিএস রেকর্ড করে নিয়েছেন। তিনি তাদের উত্থাপিত জমি দখলের অভিযোগও অস্বীকার করেন।
জাহাঙ্গীর কবিরের দাবি, বিরোধপূর্ণ জমি তাদের মায়ের নামে এবং বিএস রেকর্ডীয় সম্পত্তি। দীর্ঘদিন তারা এলাকায় না থাকায় স্থানীয় কৃষক জুয়েলকে জমি চাষাবাদের জন্য দেওয়া হয়েছে। অপর পক্ষ জমির মালিকানা দাবি করলেও তাদের কাছে বৈধ দলিল নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিষয়টির দ্রুত আইনগত সমাধান না হলে বিরোধ আরও জটিল হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির কাগজপত্র যাচাই করে আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









