ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরে মেরামত শেষে প্রায় সোয়া দুই ঘণ্টা পর ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করে সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ইঞ্জিন বিকলের কারণে স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে ১ নম্বর লাইন সচল থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঘন ঘন ইঞ্জিন বিকলের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দুর্ভোগের শিকার হয়ে যাত্রীরা ট্রেনের কার্যকর ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জোর দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









