তিব্বতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার এক সপ্তাহের মধ্যেই এ ভূমিকম্প আঘাত হানল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৬ আগস্ট জিরং সীমান্তের কাছে ভয়াবহ বন্যার পর তিব্বতে যখন উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে, ঠিক তখনই ভূমিকম্পটি আঘাত হানে।
এদিকে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাসুয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। এর মধ্যে মাত্র ৯৫টি মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের ‘জেন-জি’ আন্দোলনের পর এটি নেপালের দ্বিতীয় বড় দুর্যোগ, যাতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
‘জেন-জি’ আন্দোলনে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি ৮৪ বিলিয়ন নেপালি রুপির বেশি মূল্যের সম্পত্তি ধ্বংস হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









