হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা উদ্ধারের তথ্য জানিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ আসা আরমান উদ্দিন সিদ্দিকী নামের এক যাত্রীকে প্রাথমিকভাবে সন্দেহজনক মনে হলে প্রিভেন্টিভ টিম তাকে তল্লাশি করে।
তল্লাশির সময় ওই যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো ৩টি ডিম্বাকৃতির পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২৯০ গ্রাম। প্রতিটি পেস্টের ওজন ৪৩০ গ্রাম এবং স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে রাজস্ব বোর্ড জানায়।
ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









