ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।
শনিবার লোধি এস্টেট এলাকায় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে দলের আরও কয়েকজন নেতাও ছিলেন।
আটক হওয়ার আগে একটি বাস থেকে ভিডিও প্রকাশ করেন কেজরিওয়াল। সেখানে তিনি জানান, দিল্লি পুলিশ তাকে, আপ নেতা সঞ্জয় সিংসহ দলের অন্য নেতাদের আটক করেছে। ভিডিওতে বাসে থাকা বিক্ষোভকারীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতেও শোনা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিটের মধ্যেই কেজরিওয়ালকে আটক করা হয়।
আটকের পর প্রতিক্রিয়া জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘‘এই স্বৈরাচারকে আমরা ভয় পাব না।’’
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে বাধা দেওয়া এবং নেতাকর্মীদের আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
বিক্ষোভ ঘিরে একের পর এক বিরোধী নেতাকে আটকের ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং বিরোধীদের প্রতিবাদের অধিকার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









