পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ার এ দুই দেশে ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের খবরও আসেনি।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। রয়টার্স জানিয়েছে, সংস্থাটি প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করেছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়।
ভূকম্পন কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









