রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটা এ দুর্ঘটনায় বিমানের যাত্রী ও ক্রু—কেউই বেঁচে নেই।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের। কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে বিমানের নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে এটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে এবং পরে বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে উঠতে দেখা যায়। বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপটও বিশ্লেষণ করে এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিল পেয়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনা ও অস্ত্র পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের বিমান ব্যবহার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









