আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হলেও তা কার্যকর হতে অনেক দেরি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অর্থনৈতিক বিপর্যয়, সামরিক পরিস্থিতির পরিবর্তন এবং ভয়াবহ মানবিক সংকট যুদ্ধবিরতির জন্য নতুন চাপ তৈরি করছে। তবে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের চেয়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আলজাজিরার ২১ নভেম্বর প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে লেখক ক্যামেরন হাডসন এসব বিষয় তুলে ধরেছেন। তার মতে, সুদানে যুদ্ধ শুরুর তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাত বন্ধের কার্যকর উদ্যোগ এখনো সফল হয়নি। জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতা বা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিশ্বাসযোগ্য কোনো অগ্রগতি নেই।
তবে সম্প্রতি সুদানের রাজধানী খার্তুমের পরিস্থিতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যুদ্ধের কারণে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা শহরটিতে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কায়রো, রিয়াদ ও দোহা থেকে নিয়মিত বিমান আসছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত অনেক সুদানি নিজেদের জীবন নতুন করে শুরু করতে ফিরছেন। পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ীরাও দেশটির খনি, পণ্য বাণিজ্য ও পুনর্গঠন খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন।
কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। নিবন্ধে বলা হয়েছে, যুদ্ধের আগে এক মার্কিন ডলারের বিপরীতে সুদানি পাউন্ডের গড় বিনিময় হার ছিল প্রায় ৬০০। যুদ্ধ চলাকালে তা কমে ৯ হাজারে নেমেছিল এবং বর্তমানে ১০ হাজার ছাড়িয়েছে। জ্বালানি সংকটের কারণে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ৩৮ লাখ মানুষের মধ্যে ২০ লাখের বেশি মানুষ খার্তুমে ফিরে এলেও তাঁদের অনেকেই খাদ্য ও বিদ্যুতের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কৃষকেরা সার কেনার সামর্থ্য হারানোয় দেশের উর্বর কৃষিজমির বড় অংশ অনাবাদি পড়ে রয়েছে। ফলে অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।
অন্যদিকে, যুদ্ধক্ষেত্রে সুদানের সেনাবাহিনীর অগ্রগতিও যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশের প্রতিটি অঞ্চল পুনর্দখলের অঙ্গীকার করেছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্লু নাইল রাজ্যে বিদ্রোহীদের নতুন অভিযান প্রতিহত করার পাশাপাশি পশ্চিম কর্দোফান অঞ্চলেও অগ্রসর হয়েছে সেনাবাহিনী।
সম্প্রতি সেনাবাহিনী ও তাদের মিত্র যৌথ বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এল-খুয়েই শহর এবং আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। এর ফলে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
তবে পশ্চিমাঞ্চলীয় দারফুর এখনো বড় চ্যালেঞ্জ। অঞ্চলটির অধিকাংশ এলাকা আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে। এক বছর আগে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দখলের সময় ব্যাপক নৃশংসতার ঘটনা ঘটে। জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন এসব ঘটনার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য থাকার কথা জানিয়েছিল।
দারফুর পুনর্দখলের লড়াই দীর্ঘ ও ব্যয়বহুল হতে পারে। তবে সেখানে সেনাবাহিনীর অগ্রগতি যুদ্ধবিরতি আলোচনায় তাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন লেখক।
এদিকে, সুদানের মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। বাস্তুচ্যুতি, ত্রাণ সরবরাহে বাধা এবং খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি এ বছর এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনেও বড় পরিবর্তন এসেছে। এতে প্রত্যাশিত ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সুদানের ৪০ শতাংশের বেশি মানুষ ইতোমধ্যে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে রয়েছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে খাদ্যসংকট আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধবিরতি এবং ব্যাপক মানবিক সহায়তা পৌঁছানো জরুরি।
এদিকে, যুদ্ধের অবসানের পর দেশ পরিচালনা কীভাবে হবে, তা নিয়েও সুদানের অভ্যন্তরে আলোচনা বাড়ছে। আন্তসুদানি সংলাপ, রাজনৈতিক সমঝোতা এবং ভবিষ্যতে নির্বাচন আয়োজনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘ সংঘাতে ক্লান্ত সাধারণ মানুষ এখন বেসামরিক নেতৃত্বের হাতে প্রশাসনিক দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন।
লেখক ক্যামেরন হাডসনের মতে, সুদানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের চেয়ে দেশের ভেতরে তৈরি হওয়া জনমত এবং রাজনৈতিক পরিস্থিতি বেশি কার্যকর হতে পারে। অর্থনৈতিক বিপর্যয়, সামরিক অগ্রগতি ও মানবিক সংকট—এই তিনটি বিষয় যুদ্ধরত পক্ষগুলোকে শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য করতে পারে।
তবে যুদ্ধবিরতি কার্যকর হতে দেরি হলে ২০২৭ সালে সুদান আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলোকে সহযোগিতা করা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








