নড়াইলের কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা জাসাসের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা জাসাসের সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহিনসহ অন্য নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক তারেকুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুর রউফ, মধুপুর উপজেলা জাসাসের আহ্বায়ক আবু সাঈদ, ধনবাড়ী পৌর জাসাসের আহ্বায়ক টিটু, যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দৌলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের স্থান হতে পারে না। সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকরেরও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো অপরাধী যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








