জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারত থেকে ডিসেম্বরে দেশে ফিরবেন- এমন ঘোষণা দিয়েছেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা আসলে কি ফিরবেন, ফিরতে চাইলে কী প্রক্রিয়ায় দেশে ফিরবেন- এ নিয়ে মানুষের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার- শেখ হাসিনা মৃত্যুদণ্ড নিয়ে পলাতক। তাঁকে দেশে ফিরতে হলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে।
এ জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন- এমন ঘোষণাকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলটি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে অনলাইনে ‘ধর্মঘট’, ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের একটা অংশ বলছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এ ধরনের পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রয়োজন। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে দুই সরকারের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
আওয়ামী লীগের নেতাদের কারও কারও আশঙ্কা, একবার ঘোষণা দেওয়ার পর দেশে ফিরতে না পারলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা কমতে পারে। অন্যদিকে ঘোষিত কর্মসূচির কারণে দেশে থাকা নেতা-কর্মীদের নতুন করে গ্রেপ্তারের মুখে পড়তে হচ্ছে। ডিসেম্বর সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করছে। এর অংশ হিসেবে ১০ নভেম্বর ধর্মঘট ডাকে। সেটা বাস্তবায়িত না হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটছে। অনলাইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী এসব কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ দায় স্বীকারও করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশির ভাগই ভারতে। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে থাকা অনেক নেতাও সাম্প্রতিক সময়ে ভারতে এসেছেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে ঘোষণা এসেছে, তা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের পরিষ্কার ধারণা নেই। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলে পাসপোর্ট আবেদনটি পাঠানো হয়েছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিলের সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথাও বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক. শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশের সামরিক বিমানে। তাঁকে ফিরিয়ে নিতে হলেও বাংলাদেশ সেনাবাহিনীকেই সেই দায়িত্ব নিতে হবে। প্রত্যাবর্তন স্থলপথে বা আকাশপথে হতে পারে। দুই. শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু হয়, সে নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে।
বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এমন শর্ত দেওয়ার বাস্তবতা এখনো দেখছে না। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য কর বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে।
নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি।
ট্রাইব্যুনাল সূত্র জনায়, আপিলের সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিলের সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরো ছয়টি মামলা বিচারাধীন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ও তৎপরতার উদ্দেশ্য নিয়েও দলটির ভেতরে প্রশ্ন রয়েছে। এভাবে কর্মসূচি দিয়ে দাবি আদায় কিংবা শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব হবে না। বরং এতে সরকার ক্ষুব্ধ হবে এবং দেশে থাকা নেতা-কর্মীদের বিপদ বাড়বে।
সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দেশে অস্থিরতা ও নাশকতা করার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, সড়ক অবরোধ ও নাশকতার মতো একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন করে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আন্দোলনের সঙ্গে যখন অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর কিংবা মানুষের জীবনহানির ঘটনা যুক্ত হয়, তখন তা আর স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা উভয়ের জন্যই ক্ষতিকর।
বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব দেশের ওপরও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সেই স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সবচেয়ে বড় কথা, এসব ঘটনায় রাজনৈতিক কর্মী বা কোনো নির্দিষ্ট পক্ষের পাশাপাশি নিরীহ মানুষও প্রাণ হারান বা আহত হন। গত দেড় দশকে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দেশবাসী এমন কোনো পরিস্থিতিতে ফিরে যেতে চায় না, যেখানে মানুষের জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে পড়ে।
তাই সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোকে কোনো রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ না করে আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে নেওয়া প্রয়োজন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা বা ষড়যন্ত্রের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক- সবার দায়িত্বশীল ভূমিকা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আগুন নয়, নিরাপদ জীবন চায়। রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। তাই যেকোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। জনগণের জানমাল রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। অথচ তার ফেরার আশায় তৃণমূলের নেতাকর্মীদের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়ালে শেষ পর্যন্ত গ্রেপ্তার ও কারাবরণের শিকার হতে হচ্ছে তাদের তৃণমূলের কর্মীদের।
তাই অর্থের বিনিময়ে সহিংসতা কিংবা নাশকতায় যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড জনগণকে দারুণভাবে বিক্ষুব্ধ করে তুলেছে। কিছুদিন ধরে তারা যা করছে, তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে। বর্তমান বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা দেশ ও জনগণের কল্যাণের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তারা দেশটাকে ভালো করার চেষ্টা করছে, আইনশৃঙ্খলা ভালো করার চেষ্টা করছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যেকোনো মূল্যে বর্তমান ক্ষমতাসীন সরকারকে হটিয়ে দেশে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অশুভ চক্রান্ত বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কারণ, তারা দেশের মধ্যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করতে গেলে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি এবং তাদের পাশাপাশি সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক মোর্চা সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে মাঠে নামবে। তখন একটি গৃহযুদ্ধ পরিস্থিতি অনিবার্য হয়ে উঠবেই। আমরা তেমন একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না আমাদের প্রিয় বাংলাদেশকে। এ কারণে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে মাঠে নামতে হবে। নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
লেখক : কথাসাহিত্যিক ও কলামিস্ট



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








