ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলা থামছে না। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা ও গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন নিহত হয়েছেন বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় পরিবার ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। হামলার সময় গাড়িটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামতে যাচ্ছিল।
তিনি বলেন, গাড়িটি দরিদ্র মানুষ, তাঁবুতে থাকা পরিবার ও বাস্তুচ্যুতদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার শিকার গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো তাঁদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় গাজায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে শীতকালীন দুর্যোগ। বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন এই দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো ফিলিস্তিনি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








