ভারতের রাজস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের কোটা-উদয়পুর মহাসড়কে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ক্রুজার গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে গাড়িটির।
দুর্ঘটনায় আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ চিকিৎসক দল প্রস্তুত রেখেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে যান। পুলিশ ও উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালে যান।
নয়জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। নিহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। খাতু শ্যাম মন্দির দর্শন শেষে তাঁরা মহারাষ্ট্রে ফিরছিলেন।
তিনি আরও জানান, এ মুহূর্তে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








