ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ১৮১ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসুস্থ ব্যক্তিদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিজে হাসপাতাল দুটিতে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এক্সে দেওয়া পোস্টে খেমচাঁদ ইউমনাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ দেখা গেছে। তবে বিষক্রিয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনাস্থল সংশ্লিষ্ট জেলায় প্রয়োজনীয় ওষুধপত্রসহ একটি বিশেষ চিকিৎসক দল পাঠিয়েছে রাজ্য সরকার। ওই দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ, ভেজাল মদ তৈরির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








