সৌদি আরবের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কোম্পানি আরামকোতে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন আঘাত হেনেছে। হামলার ফলে কর্তৃপক্ষ তাদের রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
সোমবার (২ মার্চ) রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছে, রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লাগে। তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে ড্রোন হামলা হলো।
উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগারের অবস্থান। এর উৎপাদন সক্ষমতা দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবেও কাজ করে।
সূত্র বলেছে, পূর্বসতর্কতা হিসেবে শোধনাগারটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সূত্র: রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









