মার্কিনিদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সাধারণ আমেরিকানদের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না।
ইরানি গণমাধ্যম প্রেস টিভি বুধবার ওই খোলা চিঠিটি প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পেজেশকিয়ান বলেন, ইরানকে হুমকি আকারে উপস্থাপন ‘ঐতিহাসিক বাস্তবতা তো বটেই বর্তমানকালের দৃশ্যমান সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।
তিনি আমেরিকার জনগণকে ইরানের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান এবং বলেন, তেহরান কখনোই আগ্রাসনের পথে যায়নি।
“আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণবাদ, ঔপনিবেশিকতা এবং অন্য দেশ বা জনগোষ্ঠীর ওপর কর্তৃত্ব বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি,” চিঠিতে এমনটাই লিখেছেন ইরানের প্রেসিডেন্ট।
“অন্য কোনো দেশের প্রতি ইরানিদের কোনো বিদ্বেষ নেই, এর মধ্যে আমেরিকাও রয়েছে। ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন—শক্তিধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক বাসনার ফল।
“এখানেই একটি মৌলিক প্রশ্ন ওঠে: এই যুদ্ধ আমেরিকান জনগণের ঠিক কোন স্বার্থ পূরণ করছে?” বলেন পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের হয়েই ইরানের সঙ্গে সংঘাতে নেমেছে বলেও তিনি অভিযোগ করেন।
“এটা কি এমন ঘটনা নয় যে জায়নবাদী শাসকগোষ্ঠীর দ্বারা প্রভাবিত ও পরিচালিত হয়েই আমেরিকা ইসরায়েলের প্রক্সি হিসেবে এই আগ্রাসনে নেমেছে?” জিজ্ঞাসা তার।
অবকাঠামোতে হামলা এবং ধারাবাহিক সামরিক পদক্ষেপে অস্থিতিশীলতা ও মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়বে বলেও সতর্ক করেন তিনি।
“সংঘাতের পথ ধরে এগিয়ে যাওয়া এখন আগের চেয়ে আরও বেশি ব্যয়বহুল ও নিরর্থক,” বলেন পেজেশকিয়ান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









