ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি এক ভয়াবহ মার্কিন-ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়, ‘ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থার শক্তিশালী ও শিক্ষিত প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের অপরাধমূলক সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।’
পূর্বসূরি জেনারেল মোহাম্মদ কাজেমি ইসরাইলি হামলায় নিহতের পর, ২০২৫ সালের জুন মাসে খাদেমিকে আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
এর আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলি কাটজ এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কথা ঘোষণা করেন।
কাটজ বলেন, ‘আইআরজিসি ইসরাইলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এবং আমরা তাদের নেতাদের নির্মূল করছি... ইরানের নেতারা লক্ষ্যবস্তু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা একে একে তাদের খুঁজে বের করা অব্যাহত রাখব।’
তিনি আরও বলেন, ইসরাইল ইরানের ইস্পাত ও পেট্রোকেমিক্যাল শিল্পেরও ‘ভয়াবহ ক্ষতি’ করেছে।
কাটজ বলেন, ‘আমরা ইরানের জাতীয় অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া অব্যাহত রাখব এবং এই সন্ত্রাসী শাসনের পতন ও অবক্ষয় নিশ্চিত করব। সেই সঙ্গে ইসরাইল রাষ্ট্রের ওপর হামলা করার এবং সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার যে সক্ষমতা তাদের রয়েছে, তা ধবংস করে দেব।’
সূত্র: সাবাহ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









