ব্রাজিল জাতীয় দলের হেক্সা জয়ের মিশনে বড় এক পরিবর্তনের আভাস দিলেন সেলেসাওদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনায় আপাতত জায়গা হচ্ছে না দলের পোস্টার বয় নেইমারের। অভিজ্ঞতার চেয়ে বর্তমান ফর্মকে প্রাধান্য দিয়ে এক নতুন ব্রাজিল গড়ার ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো-এর সাংবাদিক আন্দ্রে লোপ্রেদো জানিয়েছেন, বর্তমানে নেইমারকে দলে নেওয়ার কথা ভাবছেন না আনচেলত্তি। নেইমার বর্তমানে সান্তোসে খেললেও তার পারফরম্যান্স বিশ্বকাপের মানদণ্ডে পড়ছে না বলে মনে করছেন ইতালিয়ান এই কোচ।
সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলিস্পোর্টস জানিয়েছে, আনচেলত্তি মূলত বর্তমান ফর্মের ওপরই জোর দিচ্ছেন। অতীতের অর্জন কিংবা খ্যাতির ভিত্তিতে নয়, বরং সাম্প্রতিক পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার একমাত্র মাপকাঠি। সেই কারণেই ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েও নেইমার আপাতত পিছিয়ে পড়েছেন।
নেইমারকে নিয়ে ভক্তদের যে ব্যাপক আলোচনা ও চাপ তৈরি হয়েছে, সেটিও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না আনচেলত্তি। তার মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুধুমাত্র সেরা ফর্মে থাকা খেলোয়াড়দেরই সুযোগ পাওয়া উচিত।
এতে ২০২৬ বিশ্বকাপে নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে কিনা, এ প্রশ্ন এখন ফুটবল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









