পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু সনাতন ধর্মাবলম্বী মেয়েকে বিয়ে করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার পিতা মো. আজগর আলী সরদার। পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। সজল সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের আজগর আলী সরদারের একমাত্র সন্তান।
হলফনামায় আজগর আলী সরদার উল্লেখ করেন, তার পুত্র সজল আলী গত ৯ ফেব্রুয়ারি আরতি রাণী নামে এক হিন্দু নারীকে বিয়ে করেন। তবে বিয়ের আগে গত ১ ফেব্রুয়ারি সজল ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘সজল সরকার’ রাখেন।
পিতা আজগর আলী হলফনামায় আরও উল্লেখ করেন, পুত্র সজল আলী ইসলাম ধর্ম ত্যাগ করায় তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তাকে তার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি থেকে বঞ্চিত ও ত্যাজ্য ঘোষণা করেছেন। ভবিষ্যতে সজল বা তার কোনো প্রতিনিধি এই সম্পত্তির কোনো অংশীদার হতে পারবে না এবং উত্তরাধিকার সূত্রে কোনো দাবি করলেও তা আইনত গ্রহণযোগ্য হবে না বলে তিনি হলফনামায় সাফ জানিয়ে দেন।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, ‘ত্যাজ্যপুত্র বিষয়টা আসলে একটা সামাজিক মিথ। মুসলিম পারিবারিক আইনে এমন কোনো বিধানের অস্তিত্ব নেই। কেউ সন্তানকে ত্যাজ্য করলেও সে রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। তবে মৃত্যুর আগেই সম্পত্তি হস্তান্তর করলে সেটি ভিন্ন বিষয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









