শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি

ইসরায়েল ও লেবানন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনায় বসবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তবে লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।

হরমুজ প্রণালিতেও থমকে আছে জাহাজ চলাচল: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের আশা ক্ষীণ হয়ে আসছে।

বাজার পর্যবেক্ষণকারী সংস্থা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত বুধবার মাত্র পাঁচটি জাহাজ এ প্রণালি অতিক্রম করেছে, যা এর আগের দিনের (১১টি) তুলনায় অর্ধেকেরও কম। গতকাল বৃহস্পতিবার পার হয়েছে মাত্র সাতটি জাহাজ।

এদিকে ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর হিসাবে, হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ থাকায় পারস্য উপসাগরে এখনো ৬০০টির বেশি জাহাজ আটকা পড়ে আছে। এর মধ্যে ৩২৫টিই তেলবাহী ট্যাংকার।

সূত্র: এএফপি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.