মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ও তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে মাত্র ছয় সপ্তাহের মতো উড়োজহাজের জ্বালানি (জেট ফুয়েল) অবশিষ্ট আছে বলে জানিয়েছেন জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যম এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বিরোল জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরায় সচল না হলে ফ্লাইট ‘দ্রুতই’ বাতিল হতে শুরু করবে।
তিনি আরও বলেন, উড়োজাহাজের জ্বালানির ঘাটতির কারণে আমরা শিগগিরই এ শহর থেকে বি শহরে কিছু ফ্লাইট বাতিলের খবর শুনতে পাব।
হরমুজ প্রণালি অচল হওয়ার ফলে এযাবৎকালের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বিশ্ব পরিস্থিতিতেও প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন বিরোল।
ইরানে গত ফেব্রুয়ারির শেষদিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে জ্বালানির বাজারে সংকট তৈরি হয়েছে। ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।
ইরান ও যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসলামাবাদে বৈঠকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে দুইপক্ষের আলোচনা কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দেয়। ইরানের পর যুক্তরাষ্ট্রের এই অবরোধের কারণে প্রণালিটিতে অচলাবস্থা এখনও কাটেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









