নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দুই গ্রামে মোটরসাইকেলে করে আসা সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সম্প্রতি বোকো হারাম ও তাদের দলছুট ইসলামিক স্টেট উপদল আইএসডব্লিউএপি নাইজেরিয়ার উত্তরপূর্ব অঞ্চলের সামরিক ঘাঁটি ও গ্রামগুলোতে প্রণাঘাতী আক্রমণের সংখ্যা বাড়িয়েছে আর এ হামলা তারই অংশ বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
দুটি হামলার একটি ঘটেছে আসকিরা-উবা জেলায়। জেলার চেয়ারম্যান মাদা সাইদু জানিয়েছেন, মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা স্থানীয় রক্ষীবাহিনীগুলোকে হটিয়ে দিয়ে পরপর বর্নো ও প্রতিবেশী রাজ্য আদামাওয়ার পুবাগু ও মায়ো-লাডে গ্রামে হামলা চালায়।
তারা নির্বিচারে মানুষ হত্যা করে এবং বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়। তাদের হামলায় পুবাগুতে অন্তত ১১ জন ও মায়ো-লাডেতে নয়জন নিহত হয়।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ বছর ধরে লড়াই চালিয়ে আসছে ইসলামপন্থি জঙ্গিরা। ব্যাপক সামরিক তৎপরতা চালিয়ে এদের অনেকটা দমন করা গেলেও এ লড়াইয়ের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ও অন্তত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে দাতব্য সংস্থাগুলো জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









