মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেন।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এসব কথা ট্রাম্প বলেন।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। এই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।
ট্রাম্প বলেন, এটি ছিল বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।
গুলির ঘটনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।
ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।
কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









