রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানে দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

পাকিস্তানে দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দৈনিক ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটিতে যাত্রী ছিলেন মোট ২৩ জন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের অভিমুখে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরও ছয়জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।’

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নারী ও শিশুসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন। আহতদের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.