মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নানা প্রতিকূলতার মুখে পড়ছে প্রসিকিউশন। তার অভিযোগ, আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন অজুহাতে শুনানি পেছানোর চেষ্টা করছেন।
তিনি উল্লেখ করেন, আসামিপক্ষের আইনজীবী প্যানেলে জিয়াউল আহসানের বোন নাজনীন নাহার রয়েছেন, যিনি প্রায় প্রতিটি শুনানিতেই সময়ক্ষেপণের আবেদন করছেন। কখনও অসুস্থতা, কখনও মৃত্যু, আবার কখনও বিভিন্ন নথি চেয়ে আবেদন করে বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, রোববার এক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং আজ জেরা হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষ একাধিক আবেদন করায় শুনানিতে বিঘ্ন ঘটে। এর মধ্যে আসামির সঙ্গে সাক্ষাতের আবেদনটি অনুমোদন করা হলেও অন্যান্য আবেদনকে অপ্রাসঙ্গিক বলে বিরোধিতা করে প্রসিকিউশন।
আমিনুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি অসৎ উদ্দেশ্যে সময়ক্ষেপণের চেষ্টা করা হয়, তাহলে আরও কঠোরভাবে তা প্রতিহত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









