মৌলভীবাজারের কমলগঞ্জে দিনে-দুপুরে দুবাই প্রবাসীর মায়ের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ জুন) দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের করে বাড়ি ফেরার পথে উপজেলার আলীনগর চা বাগানের কারখানা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শমশেরনগরে পুবালী ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন দুবাই প্রবাসী রিপন মিয়ার মা রেহেনা বেগম। টাকা উত্তোলনের পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আলীনগর চা বাগানের কারখানা সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাদের বহনকারী সিএনজির গতিরোধ করে। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী রেহেনা বেগমের কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৩০ হাজার টাকা এবং সঙ্গে থাকা আরও ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইয়ের পর পালানোর সময় আলীনগর বাজার এলাকায় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে অবগত করলে তারা গিয়ে পড়ে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনকাইকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









