জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
রবিবার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলার সাত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।
নিহত আসহাবুল ইয়ামিন বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ইয়ামিনকে আটক করে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গিয়ে তার বুকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ইয়ামিনকে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গাড়িটি বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে তাকে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়। এরপর এক পুলিশ সদস্যকে তার পায়ে আবার গুলি করার নির্দেশ দেওয়া হলেও তিনি ইয়ামিনকে মৃত ভেবে গুলি না করে রাস্তার পাশে ফেলে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ইয়ামিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









