পুলিশের ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার দুপুরে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন বলে তার আইনজীবী আওলাদ হোসেন জানিয়েছেন।
হাজিরা শেষে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে আইভী বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী।”
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেবভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হন সাবেক এই সিটি মেয়র। পরে তার বিরুদ্ধে একে একে ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দীর্ঘ ৩৯১ দিন বন্দি থাকার পর, গত ৩ জুন তিনি জামিনে মুক্তি পান।
এর ৫৫ দিন পর মঙ্গলবার আবারও আদালতে হাজিরা দিতে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী! যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।”
সংক্ষিপ্ত এ বক্তব্যের পর তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে যে গাড়িতে করে এসেছিলেন সেটিতে করেই আবার দেওভোগের বাসার উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আইভীর অনুসারী নেতা-কর্মীদের উপস্থিতর হতে দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
আইভির আইনজীবী আওলাদ হোসেন বলেন, “আইভীকে গ্রেপ্তার দিন তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নেওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানায় পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। মামলায় জামিনে থাকায় আদালতের কার্যবিধি অনুযায়ী এদিন হাজিরা দেন আইভী।”
তিনি বলেন, “তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, তিনি শারীরিকভাবেও অসুস্থ। এ কারণে আদালতে তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছে। ফলে এ মামলার বিচারকাজ শুরু না হওয়া পর্যন্ত আইভীকে আর সশরীরে আদালতে হাজির হতে হবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









