প্রায় চার বছর আগের ঢাকার মধ্য বাড্ডা এলাকায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী জানান।
মামলার বিবরণে জানা যায়, আফরোজা সুলতানা ছিলেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার।
২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়।
ঘটনার পরদিন তার ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় এই হত্যা দায়ের মামলা করেন।
মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন।
সিসিটিভি ভিডিও, আসামির স্বীকারোক্তি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্রে বলা হয়, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল টাকা হেরে যান। দেনা মেটাতে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের জন্য তিনি আফরোজাকে একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।
পরে আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার ও লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









