ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। অভিনয়ের পাশাপাশি এবার গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। তবে পর্দায় নয়, বাস্তব মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রথম একক সংগীত সন্ধ্যা।
আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের Jamaica Performing Arts Center-এ অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন শুরু হবে রাত ৮টায়, যেখানে দর্শকদের জন্য গান পরিবেশন করবেন অপূর্ব।
সংগীতানুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেতা। ভক্তদের ভালোবাসায় অভিভূত হয়ে তিনি ফেসবুকে লেখেন, “সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এমন অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব। এতটা ভালোবাসা দেখানোর জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের কারণে এই জার্নি আরো বেশি বিশেষ হয়ে উঠেছে!”
আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “হ্যালো নিউইয়র্ক! আসুন, সংগীত আর ভালোবাসায় ভরা একটি রাতের জন্য আমরা একত্র হই।”
অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা।
আয়োজকদের প্রকাশিত পোস্টারে অনুষ্ঠানটিকে ‘One Night to Remember’ বা স্মরণীয় এক সংগীত সন্ধ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অভিনয়ে আসার আগে অপূর্বর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন এবং সেই সময় থেকেই সংগীতচর্চা করতেন। একসময় গান নিয়েই ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলেও সময়ের পরিক্রমায় অভিনয়েই প্রতিষ্ঠিত হন তিনি। এবার দীর্ঘদিনের সেই সংগীতপ্রেমকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









