চট্টগ্রামের চাঞ্চল্যকর ও আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে এবার হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, এ মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২ অগাস্ট ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং অন্য একটি অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ।
পরদিন তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









