শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও ১৫ আগস্টকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ভিডিওটি ফেসবুকে বিভিন্ন ব্যক্তিগত আইডি ও পেজে ছড়িয়ে পড়তে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকিরের নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ওই শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ক্যাপশনে র্যালির তারিখ ১২ আগস্ট ২০২৬ উল্লেখ করা হলেও, শরীয়তপুরের ঠিক কোন এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি সড়কে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানের মধ্যে ছিল—‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ডাক দিয়েছে অপু ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান।
তবে ভিডিওটি ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে এবং এতে অংশ নেওয়া ব্যক্তিরা কারা—তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে ভিডিওতে থাকা ব্যক্তিদের নেতৃত্বে কে ছিলেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘‘আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
উল্লেখ্য, আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে এমন রাজনৈতিক কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









