বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার তথ্য অনুযায়ী, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) আদাবর থানা এলাকার সাবেক ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় ইসহাক জোমাদ্দার গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং শাহজাহান ওমর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া শাহজাহান ওমরের বিরুদ্ধে নিউমার্কেট ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে বলেও তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









