চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে প্রসিকিউশন থেকে অন্য আসামিদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









