পাবনার আটঘরিয়ায় দীর্ঘ পাঁচ দিন নিখোঁজ থাকার পর পচা লাশের দুর্গন্ধে চম্পা খাতুন (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চম্পা খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আমিনদ্দিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চম্পা খাতুনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করছিলেন। এভাবে পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর সোমবার পাশের বাড়ির লোকজন ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে ভেতরে উঁকি দেন। এ সময় চম্পা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ততক্ষণে মরদেহটিতে পচন ধরে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল।
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেলে মরদহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, চম্পা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর স্বামী বা পরিবারের অন্য কারও সঙ্গে কোনো বিরোধের কথা কেউ জানেন না। এর আগে তাঁর একমাত্র ছেলেও পানিতে ডুবে মারা গিয়েছিল বলে জানা গেছে।
আটঘরিয়া থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









