স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই, যেন সমাজের সব স্তরের মানুষ রক্ষা পায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আলাপ-আলোচনার মধ্য দিয়ে আইনটি সমৃদ্ধ হবে। আমরা মিডিয়াকে লক্ষ্য করে এই আইন করতে চাইনি, চাইও না। কোনো সাংবাদিক এটার শিকার হোক, সেটাও আমরা চাই না।’
তিনি বলেন, সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য একটি প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।
তিনি আরও বলেন, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকেন। এ বিষয়ে অংশীজনদের কাছ থেকে আরও পরামর্শ নেওয়া হবে।
পরামর্শগুলো সমন্বয়ের জন্য পিআইইউকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইটি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি সমন্বয় করবে। এতে সংবাদপত্রের সম্পাদক পরিষদের প্রতিনিধি, ইলেকট্রনিক মিডিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা ও সাইবার বিশেষজ্ঞদের একটি প্যানেল থাকবে। প্যানেলটি আইটি মন্ত্রণালয় করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে সাত থেকে ১৫ দিনের মধ্যে সুপারিশ পাওয়া যাবে। ১৫ দিন পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মন্ত্রিসভায় নেওয়ার আগে প্রস্তাবটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ওয়েবসাইটে প্রকাশের পরও মতামত দেওয়ার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, গ্রহণযোগ্য মতামতগুলো বিবেচনায় নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিধি অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভা হবে। পরে মন্ত্রিসভায় বিবেচনার জন্য তা উপস্থাপন করা হবে।
তিনি বলেন, মন্ত্রিসভা অনুমোদন করলে সেটি বিল আকারে সংসদে যাবে। সংসদেও তাড়াহুড়া করে আইনটি পাস করা হবে না। সেখানে সরকারি ও বিরোধী দল সবাই আলোচনা করবে। সংসদের বাইরেও বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবকিছু মিলিয়ে আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে রক্ষা করতে পারবো। বিশেষ করে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারবো।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









