হাত-পায়ের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ নখ। তবে সৌন্দর্যের পাশাপাশি নখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশও। নিয়মিত যত্নের অভাবে নখ পাতলা হয়ে ভেঙে যেতে পারে। আবার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে দেখা দিতে পারে নানা ধরনের স্বাস্থ্যসমস্যা। তাই সুস্থ ও সুন্দর নখের জন্য নিয়মিত যত্ন নেওয়া জরুরি।
ঘরেই করুন মেনিকিউর
পার্লারে না গিয়েও ঘরেই সহজে মেনিকিউর করা সম্ভব। নখ কাটার আগে কয়েক মিনিট সামান্য বা মৃদু গরম পানিতে হাত ভিজিয়ে রাখুন। এতে নখ নরম হয়ে যায়, ফলে সহজে কাটা যায় এবং ভেঙে যাওয়ার ঝুঁকিও কমে।
ভাঙা নখ টেনে ছিঁড়বেন না
বিভিন্ন কারণে নখ ভেঙে যেতে পারে। এমন হলে কখনোই টেনে ছিঁড়ে ফেলবেন না। এতে ব্যথা লাগার পাশাপাশি নখের স্বাভাবিক আকৃতিও নষ্ট হতে পারে। বরং নেইল কাটার দিয়ে ভাঙা অংশটি সতর্কতার সঙ্গে কেটে ফেলুন।
নখ রাখুন পরিষ্কার ও শুকনো
নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। দীর্ঘ সময় ভেজা থাকলে নখের ভেতরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
বদ অভ্যাস ত্যাগ করুন
দাঁত দিয়ে নখ কাটা বা নখের চারপাশের চামড়া খুঁটে ফেলার অভ্যাস নখের জন্য ক্ষতিকর। এ ধরনের অভ্যাস যত দ্রুত ত্যাগ করবেন, ততই ভালো।
নেইল পলিশ ব্যবহারে বিরতি দিন
টানা দীর্ঘদিন নেইল পলিশ ব্যবহার না করাই ভালো। এতে নখের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। তাই দুই সপ্তাহ পরপর নেইল পলিশ তুলে কয়েক দিন নখ স্বাভাবিক অবস্থায় রাখুন। এতে নখ পর্যাপ্ত আলো-বাতাস পায়, যা নখ সুস্থ রাখতে সহায়তা করে।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
প্রতিবার হাত ধোয়ার পর ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম বা লোশন ব্যবহার করুন। সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের স্বাভাবিক আর্দ্রতাও কমিয়ে দেয়।
রাতের যত্ন
ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার দিয়ে নখ ও নখের চারপাশে হালকা ম্যাসাজ করুন। এতে নখ আর্দ্র থাকে, শুষ্কতা কমে এবং নখ আরও স্বাস্থ্যবান ও মজবুত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









