স্পেনের ছোটগল্পের অন্যতম লেখক ক্রিস্তিনা ফের্নান্দেস কুবাস এ বছর সাহিত্যের মর্যাদাপূর্ণ সার্ভান্তেস পুরস্কার পেয়েছেন। ৮১ বছর বয়সী এই লেখক স্প্যানিশ ভাষার সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি। পুরস্কার পাওয়ার খবরে বিস্মিত হলেও তিনি জানিয়েছেন, পুরস্কারের আশায় লেখেন না; লেখেন গল্পের ভেতর দিয়ে বেঁচে থাকার জন্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ত উর্তাসুন ২০২৬ সালের সার্ভান্তেস পুরস্কার বিজয়ী হিসেবে কুবাসের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ লাখ ২৫ হাজার ইউরো। আগামী ২৩ এপ্রিল ২০২৭, বিশ্ব বই দিবসে, স্পেনের আলকালা দে হেনারেস বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কারের খবরটি পাওয়ার মুহূর্তকে নিজের লেখা গল্পের মতো করেই বর্ণনা করেছেন কুবাস। সেদিন সকালে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে একটি সিনেমা দেখছিলেন। এমন সময় ফোন আসে। অপরিচিত নম্বর দেখে প্রথমে ফোন ধরতে চাননি। ভেবেছিলেন, হয়তো কোনো বিক্রয়প্রতিষ্ঠানের ফোন কিংবা প্রতারণার চেষ্টা। শেষ পর্যন্ত ফোন ধরেন। ওপাশ থেকে কথা বলেন স্পেনের সংস্কৃতিমন্ত্রী।
“প্রথমে বেশ রূঢ়ভাবেই ‘হ্যালো’ বলেছিলাম। তারপর বুঝতে পারলাম, সংস্কৃতিমন্ত্রী কথা বলছেন। আমি একেবারে বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম। পুরো ব্যাপারটাই ছিল প্রচণ্ড বিস্ময়ের,” বলেন তিনি।
এই স্বীকৃতিতে বিশেষভাবে আনন্দিত কুবাসের কারণ, সার্ভান্তেস পুরস্কার শুধু তাকে নয়, ছোটগল্পকেও সম্মানিত করেছে। তাঁর মতে, ছোটগল্প একটি স্বতন্ত্র সাহিত্যধারা হিসেবে যে স্বীকৃতি পেল, তা এ ধারার সব লেখকের জন্য উৎসাহের।

“এটি ছোটগল্পের লেখকদের জন্য বড় প্রেরণা। আমরা যেন একটি বড় পরিবারের সদস্য,” বলেন তিনি।
১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে সার্ভান্তেস পুরস্কার। এত দিন পর্যন্ত এ পুরস্কার পাওয়া নারীর সংখ্যা মাত্র সাত। কুবাস মনে করেন, পরিস্থিতি বদলাচ্ছে। সাহিত্যের জগতে নারীদের স্বীকৃতি ও উপস্থিতি ক্রমেই বাড়ছে।
১৯৮০ থেকে ২০২৫ সালের মধ্যে কুবাসের সাতটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘মাই সিস্টার এলবা’, ‘নোনার রুম’ এবং ‘অল দ্য স্টোরিজ’। সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘হোয়াট ইজ নট সিন’।
কুবাস জানিয়েছেন, তিনি এখনো বেশ সক্রিয়। তার কাছে লেখালেখি পুরস্কার অর্জনের প্রতিযোগিতা নয়; বরং গল্পের জগতে প্রবেশ করা, সেই গল্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে অনুভব করা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









