টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ’র দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সামরিক সশস্ত্র সালামের মধ্য দিয়ে লস্করদিয়া কবরস্থানে নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
এর আগে বিকেলে একটি হেলিকপ্টারযোগে তিতাসের মরদেহ তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় আনা হয়।
পদ্মা সেনানিবাসে নিযুক্ত মেজর সোহেল আহমেদ-এর নেতৃত্বে ১৫ আর-ই (রিভারনিং ইঞ্জিনিয়ারিং) ব্যাটেলিয়ানের সদস্যরা মরদেহটি বুঝে নেন। পরে সড়ক পথে মরদেহ নেয়া হয় তিতাসের নিজ বাড়ি উপজেলার লস্করদিয়া গ্রামে।
এ সময় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।
এরপর মাগরিবের নামাজ শেষে লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তিতাসের নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় তার স্বজন, প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। কক্সবাজারের রামু সেনানিবাসের একবীর ইউনিট অফিসার ক্যাপটেন সাজিদ গার্ড অব অনারের নেতৃত্ব দেন।
গার্ড অব অনার শেষে লস্করদিয়া গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সেনাসদস্য শেখ তিতাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









