ছয় মেয়ের নামে নিজের জমি লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। স্ট্রোকে আক্রান্ত আব্দুর ছাত্তার খান এখন নিজের ঘরে ফিরেও আশ্রয় পাচ্ছেন না। ঘরের দরজায় তালা, রান্নার চুলো ভাঙা, চলাচলের পথজুড়ে গাছের গুঁড়ি। বাধ্য হয়ে নিজের ঘরের সামনেই মাটিতে বিছানা পেতে দিন কাটছে অসুস্থ এই বৃদ্ধের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। সেদিন সকাল থেকে তার বসতঘরে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাঝিকান্দি এলাকার বাসিন্দা আব্দুর ছাত্তার খানের কোনো ছেলে সন্তান নেই। তার ছয় মেয়ে। সম্প্রতি তিনি নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। এর কিছুদিন পর গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। চিকিৎসার প্রয়োজনে এক মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে জমি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে তার আপন ভাই মোস্তফা খান, ভাতিজা ইমরান খান ও ভাগিনা এনামুল শিকদারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় বলে পরিবারের অভিযোগ।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমি মেয়েদের নামে লিখে দেওয়ার জের ধরে আব্দুর ছাত্তারের বসতঘরের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় রান্নার চুলো। বাড়ির গাছপালা কেটে ঘরের সামনে ফেলে রাখা হয় গাছের গুঁড়ি। এতে ঘরে প্রবেশ ও চলাচলের পথও বন্ধ হয়ে যায়।
চিকিৎসা শেষে বাড়িতে ফিরে নিজের ঘরে তালা ঝুলতে দেখে বিপাকে পড়েন আব্দুর ছাত্তার। স্ট্রোকের কারণে শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধের এখন মাথা গোঁজার ঠাঁই নেই। যে বাড়িতে দীর্ঘদিনের বসবাস, সেই বাড়ির উঠানেই খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাকে।
একজন অসুস্থ বৃদ্ধের এমন দুরবস্থায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বৃদ্ধের বসতঘরে প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোস্তফা খান বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আব্দুর ছাত্তার বাড়িতে না থাকায় ঘরে চুরি হতে পারে—এমন আশঙ্কা থেকে নিরাপত্তার স্বার্থেই ঘরে তালা দেওয়া হয়েছে।’’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ‘‘এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









