সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার—এমন আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অতীতের মতো বর্তমান সরকারও গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোনো সংবাদ প্রকাশে সরকারি চাপ রয়েছে—এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তবে স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে, যা মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব বেড়েছে।
সাংবাদিকদের অধিকার সুরক্ষার বিষয়ে তিনি বলেন, আবাসন সুবিধা সংরক্ষণ, বকেয়া বেতন পরিশোধ এবং পেশাগত পরিবেশ উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে সংবাদমাধ্যম মালিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাষ্ট্র পরিচালনার সীমাবদ্ধতা চিহ্নিত করতে সহায়তা করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা আবাসন সংকট, কর্মসংস্থান, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যম খাতের আর্থিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।
এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









