প্রধানমন্ত্রী তারেক রহমানের হাই-প্রোফাইল চীন সফরের তোড়জোড় শুরু করেছে ঢাকা। এই সফরের মাঠ পর্যায়ের প্রস্তুতি ও এজেন্ডা চূড়ান্ত করতে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
রোববার (৭ জুন) রাতে সরকারের একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা এই কূটনৈতিক প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই আসন্ন বৈঠককে কেন্দ্র করে ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্রসচিব বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন চীনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১-২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন। এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার বেইজিংয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারকসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রসচিব ফিলিপাইন হয়ে বেইজিং যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে সেদিনই তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









