২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে শিক্ষা খাতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল চালু এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিস্তারের পরিকল্পনা উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। একই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সুবিধা জোরদারের পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদার, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি এবং স্টার্ট-আপ কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









