গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে দারিদ্র্য হ্রাস, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, এ খাতের বরাদ্দ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিমূলক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণপ্রাপ্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের সম্প্রসারণ এবং ডিজিটাল সেবার বিস্তার নিশ্চিত করা হবে।
এছাড়া গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









