পানি সংকটকে বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সংকট বিশ্বজুড়ে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে এবং বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। তিনি জানান, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
বৈঠকে এএডব্লিউসির জেনারেল সেক্রেটারি হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের তাদের প্ল্যাটফর্মে যুক্ত করে বৈশ্বিক পানি সংকট সমাধানে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য সংগঠনটির বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার এএডব্লিউসির উদ্যোগের প্রশংসা করে বলেন, ২০১৯ সাল থেকে একটি আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে সংগঠনটির প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, এশিয়ার দেশগুলোর সংসদ সদস্যদের সম্পৃক্ত করে যে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের সংসদ সদস্যদেরও যুক্ত করার জন্য তিনি সুপারিশ করবেন।
এ সময় তিনি লাওসে অনুষ্ঠেয় পরবর্তী সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়েও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে নীতি ও আইনগত সহযোগিতা জোরদারে কাজ করে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









