চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) রাতে তিনি ঢাকায় পৌঁছান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
এর আগে স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। বিদায়ের সময় তাকে লালগালিচায় বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমান বিমানে ওঠার আগে আনুষ্ঠানিক বিদায় গ্রহণ করেন।
সফরের শুরুতে সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নেন। পরে বুধবার দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং যান।
বেইজিংয়ে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
সফরকালে চীন ও বাংলাদেশের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শুক্রবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, ১৩টি এমওইউ দুই দেশের মন্ত্রণালয় পর্যায়ে স্বাক্ষরিত হয়েছে, তিনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি হয়েছে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে রাজনৈতিক পর্যায়ে।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ২১ জুন মালয়েশিয়া সফরের পর তিনি চীনে এই সফর সম্পন্ন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









