দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন ও ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫ অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় ৩৭টি বস্তিতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ‘পদ্মা আবাসিক এলাকা’র ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় ৮ একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় প্রায় ৮৩ কাঠা জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে সরকারি বা পিপিপি ভিত্তিক একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলেও জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









