প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান টিকিটের দাম কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতকে আরও উন্নত করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাদের বিমান টিকিটের মূল্য কমিয়ে আনা এবং দেশে ফিরে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমার বিশ্বাস, রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম আবারও ফিরে আসবে।’
রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।
এ সময় জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ট করতে চিনি ও কলা অর্পণ করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









