প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগের অংশ হিসেবে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত সবাই নবনিযুক্তদের অভিনন্দন জানান। নিয়োগপত্র পেয়ে তিনজনই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে নতুন কর্মজীবন ও নতুন স্বপ্নের সূচনা বলে অভিহিত করেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এ শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে আয়শা আক্তারেরও জন্ম থেকেই দুই হাত নেই। তিনি পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে সেটি গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তর-এর অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবদুস সাত্তার দুলাল। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের পদক্ষেপ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









